প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
বড়লেখা সীমান্তে ২০ জনের অনুপ্রবেশ ঠেকালো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় অংশে ২০ জনকে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে পাল্লাতল এবং লাতু সীমান্তে পৃথকভাবে এ তৎপরতা চালানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো গেছে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে পাল্লাতল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে সাতজন নারী-পুরুষকে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরদিন শুক্রবার সকালে লাতু সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। দুই দফাতেই বিজিবি সদস্যরা বাধা দেন।
বিজিবি অধিনায়ক জানান, বৃষ্টির মধ্যে দুই সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছিলেন ওই ২০ জন। শুক্রবার দুপুরে পাল্লাতল সীমান্তে থাকা সাতজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে লাতু সীমান্তের ওপারে এখনো ১৩ জন অবস্থান করছেন। তাঁদের ফিরে যাওয়ার অনুরোধ করা হলেও তাঁরা স্থান ত্যাগ করেননি।
এ পরিস্থিতিতে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। শুক্রবার বিকেলে পাল্লাতল সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকেও বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার কানন।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈঠকে বিএসএফকে এভাবে লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে এবং লাতু সীমান্তের ভারতীয় অংশে অবস্থানরত ১৩ জনকে ফিরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে বিএসএফ সীমান্ত দিয়ে লোকজন পাঠানোর চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.