বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদারে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে আগামী ২৩ নভেম্বর পাকিস্তান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ২৮ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এ সফরে প্রতিনিধিদলে থাকছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্যও।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের (আইপিএ শাখা-২) সহকারী সচিব মামুন রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে সফরের বিষয়টি জানানো হয়।
প্রতিনিধিদলে মৌলভীবাজার থেকে অংশ নিচ্ছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেনও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় এ সফরের মূল উদ্দেশ্য। সফরের কর্মসূচি ও আলোচ্য বিষয় চূড়ান্ত করতে ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা ডাকা হয়েছে। পশ্চিম ব্লকের পঞ্চম তলায় স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সফরের সার্বিক আয়োজন ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.