
সিলেট নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চারজনই শিশু। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইমরান আহমদ (১৮) নামে দুজন রয়েছেন। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার বাসিন্দা। আটক অপর চারজন শিশু। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামে আরও একজনকে আটক করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.