প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
দুই বছরেও চালু হয়নি তাহিরপুরের শিশু পার্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পর্যটনের জন্য পরিচিত হলেও স্থানীয় শিশুদের বিনোদনের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ সংকট দূর করতে দুই বছর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও শনি হাওরসংলগ্ন এলাকায় নির্মাণ করা হয় একটি শিশু পার্ক। তবে উদ্বোধনের পর দুই বছর পেরিয়ে গেলেও পার্কটি চালু হয়নি। ফলে শিশুদের বিনোদনের জন্য নির্মিত স্থাপনাটি কোনো কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নামমাত্র কয়েকটি বিনোদন উপকরণ স্থাপন করে পার্কটি নির্মাণ করেন। প্লাস্টিকের ফুল টবে সাজিয়ে জেলা প্রশাসক ও বিএনপির নেতাদের উপস্থিতিতে ঘটা করে উদ্বোধনও করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে পার্কটির কার্যক্রম আর শুরু হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্বোধনের পর থেকেই পার্কটির ফটকে তালা ঝুলছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় এর অবকাঠামো ও বিনোদন উপকরণগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। পার্কের ভেতরে ঘাস ও আগাছা বেড়ে জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে।
পার্কটি চালু না হওয়ায় নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে এবং কারা কাজ করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলা সদরে শিশুদের জন্য কোনো পার্ক না থাকায় এটি নির্মাণের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছিলেন। কিন্তু উদ্বোধনের পরও শিশুদের ব্যবহারের জন্য পার্কটি উন্মুক্ত করা হয়নি। তাঁদের অভিযোগ, পার্ক নির্মাণের ব্যয় ও কাজের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।
যুবদল নেতা তোজাম্মিল হক নাসরুমসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত পার্কটি চালুর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এটি চালু হলে উপজেলা সদরের শিশুদের বিনোদনের জন্য একটি স্থান তৈরি হবে।
উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক বলেন, শিশু পার্ক নির্মাণ ও ঘটা করে উদ্বোধন করা হলেও উদ্বোধনের পর এক দিনের জন্যও শিশুরা এটি ব্যবহার করতে পারেনি। পার্কটি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে এবং কারা কাজ করেছেন, সে তথ্যও স্থানীয়দের জানা নেই। এসব তথ্য প্রকাশের পাশাপাশি দ্রুত পার্কটি চালুর দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, তিনি নতুন যোগদান করেছেন। কারা ও কীভাবে পার্কটি নির্মাণ করেছেন এবং এটি কেন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তা খোঁজ নিয়ে জানবেন। তিনি বলেন, হাওরবেষ্টিত এ উপজেলায় শিশুদের বিনোদনকেন্দ্রের অভাব রয়েছে। পার্কটি চালু করা গেলে শিশুদের বিনোদনের একটি ভালো ব্যবস্থা হতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.