
আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-চট্ট-৭০৭) সভাপতি জাকারিয়া আহমদ। সোমবার দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলের একটি কমিউনিটি সেন্টারে মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শ্রমিকদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একজন চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় পাঁচ থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে হয়রানি চলতে থাকলে এবং দাবি পূরণ না হলে শ্রমিকেরা রাজপথে নামতে বাধ্য হবেন।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের (রেজি. নং-২০৯৭) সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন রাজা আহমদ ও এম বরকত আলী।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.