আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর প্রতিটি এলাকায় সড়কবাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নয়নের আওতায় আনা হবে। নগরীর কোনো এলাকা আর অন্ধকারে থাকবে না।
বুধবার রাতে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাতের বেলায় নিরাপদে চলাচলের জন্য সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা জরুরি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের রাতে মসজিদে নামাজ পড়তে যাতায়াতে ভোগান্তি হয়। সড়কবাতি স্থাপন করা হলে তাঁদের চলাচল সহজ হবে। পাশাপাশি আলো থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধও কমবে।
নগরীর আলোকায়নে ১৯২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উন্নয়ন মানে শুধু সড়ক ও ড্রেন নির্মাণ নয়, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। নগরীর সব এলাকায় আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ প্রকল্প নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, একসময় এসব এলাকার সড়ক ছিল ৭ থেকে ৮ ফুট প্রশস্ত। এখন সেখানে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এসব এলাকার বাসিন্দারা এখন সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছেন। নগরায়ণের সঙ্গে সামাজিক উন্নয়ন, জমির মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নও ঘটছে। নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডের সমপর্যায়ে উন্নীত করাই তাঁদের লক্ষ্য।
অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করা লন্ডনী রোডের সড়কবাতি উদ্বোধন করেন প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদের শাহী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, স্থানীয় মুরব্বি আব্দুল মালেক পোকন, সেলিম আহমদ, এহসান আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ফাহিম আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ তুষার, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, জহিরুল ইসলাম মিশু, সংগঠনের সভাপতি আব্দুল গণি তালুকদার সাজন, মহানগর ছাত্রদলের সহসভাপতি জুবায়ের আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, কোষাধ্যক্ষ আল নাহিয়ান আল রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, রাসেল আহমেদ বেনু, সেবুল আহমদ ও জেবুল আহমদ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.