প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ব্যাংকটির তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভেতরে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান।
আগুনে ব্যাংকের দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।
গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত ২টার দিকে ব্যাংকে আগুন দেওয়া হয়। নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.