
একাত্তর ডেস্ক : :
তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কেউ অশোভন আচরণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দলে কোনো ধরনের অশোভন আচরণ গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনায় দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের ভেতরে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক দলে সেলিব্রিটি বা তারকা ব্যক্তিদের আসা অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের বিভিন্ন দেশে তারকা ব্যক্তিরা রাজনীতিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে বলেন, একজন পরিচিত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটিও গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়।
এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রক্রিয়ার ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম রোববার শেষ হচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রমে গত দুই দিনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। আজকের হিসাব এখনো যুক্ত হয়নি।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীসহ অনেকে ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানকে কেন্দ্র করে তিন দিন ধরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, এবার মনোনয়ন প্রক্রিয়ায় সংগঠন পরিচালনার দক্ষতা, মেধা ও মননশীলতা বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করা হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমা আজ শেষ হলেও প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে তা বাড়ানো হতে পারে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.