সিলেট নগরে মশার উপদ্রব বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরের ৪২টি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হবে। এ কাজে ওয়ার্ডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় করার পাশাপাশি মসজিদ ও মন্দিরের মাধ্যমেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায় সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিসিকের ৪২টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব উদ্যোগের কথা তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় প্রশাসক বলেন, নগরে মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন করলেই হবে না, এডিস মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। এ জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি। প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসকদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাড়ির আঙিনা, ফুলের টব, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পানি জমার স্থানসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
সিসিক প্রশাসক ওয়ার্ড সুপারভাইজার, ওয়ার্ড সচিব এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীদের প্রতিটি এলাকায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার নির্দেশনা দেন। সিটি করপোরেশনের তৈরি সচেতনতামূলক লিফলেট প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে নিয়মিত প্রচার চালানোর ওপর গুরুত্ব দেন।
জনসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও চেয়ে প্রশাসক বলেন, মসজিদ ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। বিশেষ করে জুমার নামাজের আগে খুতবার পূর্বে মসজিদে সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের অনুরোধ জানানো যেতে পারে।
সভায় নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান উন্নয়নের বিষয়েও কথা বলেন সিসিক প্রশাসক। তিনি জানান, নগরের উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের দুটি বড় প্রকল্প নিয়ে কাজ চলছে। এর একটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত প্রকল্প। অন্যটি বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সংকট হবে না বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.