প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
টি-সিরিজের কাজ, ভিসা ও চেন্নাই সফর—ভারতে থাকার কারণ জানালেন নোরা

ভারতে কেন অবস্থান করছেন, দিল্লির আদালতে তার ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে ভারতে রয়েছেন। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে অবহিত করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) মামলার শুনানিতে আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মরক্কো বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরা। বহুল আলোচিত এই মামলার তদন্তে আগেই তাঁর নাম উঠে এসেছিল। পরে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।
এর আগে দুই দফায় নোরাকে আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে অভিনেত্রীর সরাসরি আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতের নির্দেশকে অবহেলা না করার বিষয়ে সতর্কও করা হয়।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি হাতিয়ে নেন তিনি ও তাঁর সহযোগীরা। স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ নেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।
সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরবর্তী সময়ে মামলার সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্তকারীদের দাবি, সুকেশ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন। তাঁদের মধ্যে নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজের নামও রয়েছে। ২০২২ সালে সুকেশ তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে জানিয়েছিলেন নোরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.