স্টাফ রিপোর্ট
যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট অঞ্চলের তিন প্রার্থী। তারা হলেন বর্তমান মেয়র লুৎফুর রহমান (সিলেট), টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টসের জামি আলী (সুনামগঞ্জ) এবং লিবারেল ডেমোক্র্যাটসের মোহাম্মদ আবদুল হান্নান (মৌলভীবাজার)।
আগামী ৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাওয়ার হ্যামলেটসে বরাবরই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের শক্ত অবস্থান রয়েছে। এবারের নির্বাচনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বর্তমান মেয়র লুৎফুর রহমান ও লেবার প্রার্থী সিরাজুল ইসলামের মধ্যে।
টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক প্রভাবের কেন্দ্র হিসেবে পরিচিত। এই বরোর দুটি পার্লামেন্টারি আসনে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন রুশনারা আলী এবং আপসানা বেগম।
বর্তমান মেয়র লুৎফুর রহমানের আগে তিনবার এই পদে নির্বাচিত হয়েছেন। লুৎফুর রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত এলাকায় তিনি বেড়ে ওঠেন।
রাজনৈতিক জীবনে নানা বিতর্ক থাকলেও তিনি ২০২২ সালে আবারও মেয়র নির্বাচিত হয়ে রাজনীতিতে ফিরে আসেন। তিনি দাবি করেছেন, পূর্ববর্তী নির্বাচনে দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান।
অন্যদিকে সিরাজুল ইসলাম দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক, যিনি ২০০১ সাল থেকে টানা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচিত হলে আবাসন খাতে বড় ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্ম নেওয়া জামি আলীর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর দাদা প্রথম বিশ্বযুদ্ধ শেষে ১৯২০ সালে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। জামি আলী আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
অপরদিকে মোহাম্মদ আবদুল হান্নান, বাংলাদেশে তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে। তিনি বর্তমানে ক্যানারি ওয়ার্ফে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। লিবারেল ডেমোক্র্যাটস পার্টি (লিব ডেমস) থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আবদুল হান্নান। তিনি ১৯৯৫ সালে যুক্তরাজ্যে অভিবাসী হয়ে আসেন। আবদুল হান্নান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী।
২০১৭ সালে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে যুক্ত হন আবদুল হান্নান। লেবার পার্টির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। টাওয়ার হ্যামলেটসে দীর্ঘদিন ধরে বসবাসকারী আবদুল হান্নান একজন টেলিকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তিনি নির্বাচিত হলে আবাসন সংকট সমাধান, সড়ক নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.