একাত্তর ডেস্ক : :
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও সীমান্ত দিয়ে চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের মূল্য স্থিতিশীল রাখা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি ও পাচারের মাধ্যমে এই ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে।
চিফ হুইপ আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টনের একটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং সমপরিমাণ আরেকটি চালান আসার পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে তেল মজুত করতে না পারে এবং কোথাও দাম বৃদ্ধি না ঘটে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
এদিকে সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিলের প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়মিতভাবে সংসদ সদস্যদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরার নির্দেশ দিয়েছেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক সড়ক ও রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা করে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.