প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
জামালগঞ্জে যুবদল নেতার মার্কেটে আগুন

সুনামগঞ্জের জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মার্কেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।
মার্কেটের ভাড়াটিয়া ও ফার্নিচার ব্যবসায়ী আশিক মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কে বা কারা তাঁর দোকানের এক পাশে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বালু ও পানি দিয়ে তা নেভান। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে গিয়ে পুলিশ ও স্থানীয় লোকজনকে ঘটনাস্থলে দেখতে পান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে তাঁর দোকানসহ পুরো মার্কেট পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামালগঞ্জ উপজেলা বিএনপি। এক যৌথ বিবৃতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতার মার্কেটে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। শান্তিপূর্ণ জামালগঞ্জে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা জানান তাঁরা।
এ ছাড়া ঘটনার নিন্দা জানিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমানসহ অন্য নেতারা।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী বলেন, রাত ১২টা ৪০ মিনিটে যুবদল নেতা মাহবুবুর রহমানের মার্কেটের একটি ভাড়াটিয়া ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.