একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত পিয়ার আলী একই গ্রামের আরশদ আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দুটি পয়েন্ট ২২ ক্যালিবার সিক্স-শট বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগান, বিভিন্ন ধরনের গুলি, প্রায় এক হাজার ৪০০ রাউন্ড এয়ারগানের গুলি, একটি ৩৬ ইঞ্চি তলোয়ারসহ ১৫টির বেশি ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পিয়ার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.