প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে দুই সেতু নির্মাণে ৬০ কোটি টাকা বরাদ্দ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সমধল ও ইটাখোলা নদীতে দুটি দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। পাশাপাশি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পও অনুমোদিত হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প অনুমোদনে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের প্রচেষ্টার কথা উল্লেখ করে আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় সুনামগঞ্জ জেলায় চারটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি জগন্নাথপুরে। সংসদ সদস্য কয়ছর আহমদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল সেতু এবং পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা সেতু প্রকল্প দুটি অনুমোদন পেয়েছে।
প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, ২১০ মিটার দীর্ঘ সমধল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। আর ১২০ মিটার দীর্ঘ ইটাখোলা সেতুর সম্ভাব্য ব্যয় ২০ কোটি টাকা।
এ ছাড়া সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে সড়ক যোগাযোগের উন্নয়ন করা হবে। এ প্রকল্পে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক সংস্কার ও নির্মাণে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
সমধল সেতু অনুমোদনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমধল নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন হাওরাঞ্চলের মানুষ। অবশেষে সংসদ সদস্য কয়ছর আহমদের প্রচেষ্টায় সেতুটি একনেকে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ইটাখোলা সেতুর অনুমোদনেও তাঁরা আনন্দিত।
জামাল উদ্দিন আহমদ বলেন, সমধল সেতু নির্মিত হলে বেতাউকা, স্বজনশ্রী, খাগাউড়া, বেরী ও বাউধরনসহ দিরাই ও মারকুলিসংলগ্ন দক্ষিণাঞ্চলের ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের উপজেলা সদর ও সিলেট অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এতে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে।
উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, সেতু দুটি নির্মিত হলে প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। নির্মাণকাজের আগে হাইড্রোমরফোলজিক্যাল জরিপ করা হবে। এরপর সেতুর নকশা ও প্রাক্কলন চূড়ান্ত করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন এলাকাবাসী। তাঁদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুই উপজেলার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.