সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘবদ্ধ হামলায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় হবিগঞ্জ থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং একই গ্রামের মৃত আচির উল্লাহর ছেলে রোকন মিয়া (২৪)। র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আবদুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় হামলার শিকার হন মতিউর রহমান। তিনি গবাদিপশু চরাতে মাঠে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাঁকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। হামলাকারীরা তাঁদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মতিউরের ভাই আতাউর রহমান ও চাচাতো ভাই মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে মুজিবুর রহমান মারা যান।
র্যাবের তথ্যমতে, জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দুই দিন আগে মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে ৬ নম্বর আসামি আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৩০ অক্টোবর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৪ ও ১৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ৭ নভেম্বর এ মামলার এজাহারনামীয় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব-৯। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.