সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনে জকিগঞ্জ উপজেলায় নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি পৃথক স্থানে নদীভাঙন তীব্র হওয়ায় বসতবাড়ি, কৃষিজমি, সড়ক ও বন্যা প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। কোথাও বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, কোথাও সড়ক ধসে যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
গত ৫ নভেম্বর সুরমা নদীর ভাঙনে উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম চারিগ্রাম (নালুহাটি) গাংপারে প্রায় ২০০ ফুট বন্যা প্রতিরক্ষা ডাইক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের শত শত বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। ডাইক ভেঙে যাওয়ায় ওই এলাকার যোগাযোগব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এরপর ১১ নভেম্বর জকিগঞ্জ সদর ইউনিয়নের ভাখরশাল এলাকায় কুশিয়ারা নদীর তীরে প্রায় আধা কিলোমিটারজুড়ে বড় বড় ফাটল দেখা দেয়। স্থানীয়দের আশঙ্কা, নদীভাঙন অব্যাহত থাকলে বসতভিটা, কৃষিজমি, মসজিদ ও কবরস্থান নদীগর্ভে বিলীন হতে পারে। মাত্র তিন মাস আগে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কাজ করা হয়েছিল। স্থানীয়দের দাবি, নদীভাঙনে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় আধা কিলোমিটার অংশ নদীর ওপারে ভারতের দিকে চলে গেছে। ইতোমধ্যে বসতভিটা হারিয়ে কয়েকটি পরিবার সড়কের পাশে ঘর তুলে বসবাস করছে।
সর্বশেষ ১৫ নভেম্বর কুশিয়ারা নদীর ভাঙনে বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে বড় ধরনের ভূমিধস দেখা দেয়। মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থ এলাকাজুড়ে ভূমি ধসে নদীতীরের সড়কের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে সড়কের বাকি অংশও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, পুরো সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের পথ নেই। সেখানে নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ চুনু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা বাড়লেও নদীভাঙনের স্থায়ী সমাধান হচ্ছে না। তাঁর মতে, ভাঙন ঠেকাতে ব্লক স্থাপনের বিকল্প নেই।
জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, সামান্য মাটি ফেলে বাঁধ মেরামত করে স্থায়ী সমাধান সম্ভব নয়। গত বছর তিনি নিজ উদ্যোগে প্রায় ১০০ ফুট এলাকায় বাঁধ নির্মাণ করেছিলেন। এবার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
জানা গেছে, জকিগঞ্জের নদীভাঙনের বিষয়টি জাতীয় সংসদেও তুলে ধরেছেন সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান। সীমান্তবর্তী জনপদ রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
কানাইঘাট ও জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙন রোধে ২৭৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫ দশমিক ১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। দুই উপজেলার ১৭টি অতি ঝুঁকিপূর্ণ স্থানের মধ্যে জকিগঞ্জের ১৩টি এবং কানাইঘাটের চারটি স্থান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অনেক ঝুঁকিপূর্ণ এলাকায় এখনো স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জকিগঞ্জে কুশিয়ারা নদীর ডান তীরের ৪১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বাঁধের উচ্চতা কমে গেছে, কোথাও তা আশপাশের জমির সঙ্গে মিশে গেছে। এসব স্থানে বাঁধ উঁচু করা ও সংস্কার প্রয়োজন।
নদীতীরের বাসিন্দাদের আশঙ্কা, আগামী বর্ষার আগে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে আরও বিস্তীর্ণ জনপদ, বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হতে পারে। তাঁদের দাবি, সাময়িক মেরামতের বদলে সমন্বিত পরিকল্পনায় স্থায়ী ব্লক ও প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্র্নিমাণ এবং গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.