
একাত্তর ডেস্ক ::
ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মো. আব্দুল ওয়াহিদের (৩৯)। কিন্তু আর ফেরা হলো না। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে যান কনস্টেবল ওয়াহিদ। পরিবারের সঙ্গে সময় কাটানোর পর ১০ এপ্রিল রাতের দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত আব্দুল ওয়াহিদ (বিপি নং ৮৭০৭১২৪৩২৯) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশে যোগদানের পর দীর্ঘ কর্মজীবনে তিনি বান্দরবান জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে সিলেট মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর থেকে বিভিন্ন ইউনিটে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সর্বশেষ তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পুলিশ সদস্যের লাশ পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে এসএমপি মিডিয়া।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.