দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার দুপুর ১২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিদর্শন ও অনুসন্ধানে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়। দলিল নিবন্ধনের ক্ষেত্রে এ ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগেরও প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানায় দুদক।
সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের বিস্তারিত পর্যালোচনা করা হবে। পরবর্তী সময়ে এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল। প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.