উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সিলেটের মেধাবী তরুণদের উপস্থিতি বাড়াতে এখনই উদ্যোগ নিতে হবে।
বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে সিলেটে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় সিলেট ক্লাবে ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একসময় উচ্চশিক্ষায় সিলেটের শিক্ষার্থীদের শক্ত অবস্থান ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ অঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করেছেন। এমসি কলেজ ও কটন কলেজও ব্রিটিশ আমলে আসাম অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সেখানেও সিলেটের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী শিক্ষার্থী লীলা নাগ ছিলেন সিলেটের।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে সিলেটের অনেক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেছেন। তবে বর্তমানে দূরবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ আগের মতো আছে কি না, তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হলেও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিলেটের শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে মনে হচ্ছে।
সিসিক প্রশাসক বলেন, অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদেশে পাঠানোর প্রবণতা বাড়ছে। বিদেশে পড়াশোনার সুযোগ গ্রহণে আপত্তি নেই, তবে দেশের বিশ্ববিদ্যালয় থেকেও দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি হওয়া জরুরি। উচ্চশিক্ষা শেষে সিভিল সার্ভিসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেটের তরুণদের আরও বেশি যুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নে দক্ষ প্রশাসনিক কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও পেশাজীবীদের ভূমিকা প্রয়োজন। এসব ক্ষেত্রে সিলেটের যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়লে আঞ্চলিক উন্নয়ন কার্যক্রমও আরও কার্যকর হবে। এ জন্য শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, উচ্চশিক্ষা এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অধ্যাপক নন্দলাল শর্মা, এম. আতাউর রহমান পীর, নীরেশ চন্দ্র দাশ ও মো. তজম্মুল হোসেন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ আব্দুল হান্নান অনুষ্ঠানে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য নজরুল হক চৌধুরী, ভাস্কর রঞ্জন দাস, মাহবুবুজ্জামান চৌধুরী, ড. আবুল ফতেহ ফাত্তাহ, এ টি এম শোয়েব, ড. এনামুল হক সরদার, সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, লিয়াকত শাহ ফরিদী, অধ্যাপক ভুবনজয় আচার্য, বিধায়ক রায় চৌধুরী, ড. তাসমিয়া চৌধুরী তানিয়া ও অধ্যাপক ফরিদ আহমদ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.