
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময় সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার এক বার্তায় সংস্থাটি জানায়, গ্যাস সরবরাহ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ চলছে। এ কারণে টার্মিনালটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর প্রভাবে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে। ফলে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে বিভিন্ন এলাকার গ্রাহকদের ওপর, বিশেষ করে গ্যাসের চাপ কমে যেতে পারে। তবে সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কা নেই।
সিলেট অঞ্চলে এ পরিস্থিতির প্রভাব সম্পর্কে পৃথক গণবিজ্ঞপ্তি দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানটির আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
এ সময় আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক ও শিল্পকারখানায়ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং সবার সহযোগিতা চেয়েছে। এদিকে, গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে পেট্রোবাংলার আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.