
একাত্তর ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বালুভর্তি ট্রাকের নিচে লুকানো অবস্থায় ৭৬ বস্তা চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। তবে জিরার মূল মালিকরা পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের বঙ্গবীর রোডে পুলিশ চেকপোস্টে একটি বালুভর্তি ড্রাম ট্রাক থামানো হয়। প্রাথমিকভাবে ট্রাকটিতে শুধু বালু রয়েছে বলে মনে হলেও সন্দেহজনক অবস্থার কারণে তল্লাশি চালানো হয়। পরে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ট্রাকটির সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি চালানো হয়। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতে এই চেকপোস্ট দিয়ে শতাধিক চোরাই পণ্যের ট্রাক পার হলেও রহস্যজনকভাবে আজ মাত্র একটি ট্রাক আটক করা হয়েছে। শুধু চালককে আটক করে মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে।
উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় চোরাচালান মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.