গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি জেলায় পুলিশের বদলি ও রদবদল করা হয়েছে। এছাড়া, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া গেছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরো চারজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে। আর বরিশালের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশে স্থলাভিষিক্ত করা হয়েছে।