কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) প্রবর্তিত ‘কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন কথাশিল্পী ও কিশোর সাহিত্যিক আবদুল হাই মিনার। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
কেমুসাসের কার্যকরী কমিটির এক সভায় তাঁর নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিম আউয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আবদুল হাই মিনার সত্তরের দশক থেকে লেখালেখি করছেন। সাহিত্যচর্চার শুরুতে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর জীবনে। গল্প ও উপন্যাসে বৈচিত্র্যময় বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর রচনায় কল্পবিজ্ঞান, থ্রিলার, ভৌতিক, অতিপ্রাকৃত ও সামাজিক আখ্যানের প্রাধান্য রয়েছে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর ১৩টির বেশি বই।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘কুটি কবিরাজ সমগ্র (১)’, ‘কোন বাতাসের গান’, ‘জলদেবতা’, ‘নীল দরজার রহস্য’, ‘ফতেহগড়ের তান্ত্রিক’, ‘খুকু তোমার বসত’, ‘রুকারী দ্বীপের রহস্য’ ও ‘জামশেদ মুস্তফির হাড়’। চা-বাগানের পটভূমিতে লেখা ‘কোন বাতাসের গান’কে উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ কিশোর উপন্যাস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর সৃষ্ট ‘কুটি কবিরাজ’ চরিত্রটিও পাঠকমহলে বিশেষ পরিচিতি পেয়েছে।
এর আগে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ‘শেকড়ের সন্ধানে সাহিত্য পুরস্কার’ ও ‘রাগিব-রাবেয়া সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তিনি।
১৯৬০ সালে সিলেটের মালনীছড়া চা-বাগানে জন্ম আবদুল হাই মিনারের। তাঁর বাবা মোহাম্মদ আব্দুন নূর ও মা সাইফা খাতুন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বরায়া দক্ষিণভাগের টিলাবাড়িতে তাঁর পৈতৃক নিবাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি।
চিকিৎসা-শিক্ষাবিদ হিসেবে কর্মজীবনের বড় অংশ ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্বে কাটিয়েছেন আবদুল হাই মিনার। ২০২৬ সালে চাকরি থেকে অবসর নেন তিনি। স্ত্রী আবেদা হক এবং দুই মেয়ে বিদৌরা ও বিয়াসকে নিয়ে তাঁর পরিবার।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.