
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের জন্য ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়ে সিলেটে সাইকেল র্যালি ও মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের নিশ্চয়তা না আসার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচি চলছে।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং আইডিয়া যৌথভাবে সিলেটের এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি।
বক্তারা জানান, এফএও ও ইউএনডিপির হিসাবে বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থাসংশ্লিষ্ট। অথচ এ খাত অভিযোজন অর্থায়নের মাত্র ২০ শতাংশ পায়। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
আয়োজকেরা বলেন, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করাই এ প্রচারাভিযানের লক্ষ্য। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে না দেখে খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সঙ্গে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বর কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। পাশাপাশি চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ এবং তা ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
আইডিয়ার ক্যাম্পেইন অ্যাসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থায়ন ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। তাঁরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ চান।
কর্মসূচিতে সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল ও শফিউরসহ অনেকে অংশ নেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.