২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য। প্রাক-প্রাথমিক স্তরের সব বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পরিদর্শন শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বইও পৌঁছে গেছে উপজেলা পর্যায়ে। তবে মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ এখনো চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির তথ্য অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হবে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।
১৬ নভেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে।
প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নির্ধারিত ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ফর্ম ছাপার কাজ শেষ হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং পিডিআই ৯৭ দশমিক ২৮ শতাংশ। গত ২৯ অক্টোবরের মধ্যেই এ স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলায় পৌঁছেছে। অবশিষ্ট বই ২০ নভেম্বরের মধ্যে সরবরাহের লক্ষ্য রয়েছে।
ইবতেদায়ি স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হচ্ছে ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪টি বই। এ পর্যন্ত ফর্ম ছাপা হয়েছে ৯৬ দশমিক ৯১ শতাংশ, বাঁধাইয়ের কাজ শেষ হয়েছে ৯৩ দশমিক ৬৭ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ।
মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য বই ছাপানোর লক্ষ্যমাত্রা ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি। এর মধ্যে নবম শ্রেণির বই রয়েছে ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি। এ স্তরে ফর্ম ছাপার অগ্রগতি ৮২ দশমিক ৩৭ শতাংশ, বাঁধাই ৮০ দশমিক ২১ শতাংশ এবং পিডিআই ৭৭ দশমিক ১২ শতাংশ। নির্ধারিত কাজ শেষ করেছে ৪৯টি মুদ্রণপ্রতিষ্ঠান।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী বই ছাপা ও সরবরাহের কাজ এগোচ্ছে। প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বই ইতোমধ্যে উপজেলায় পৌঁছেছে। মাধ্যমিক স্তরের বই সরবরাহের অগ্রগতি ৭৭ শতাংশ। ৩০ নভেম্বরের মধ্যে সব বই পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, নভেম্বরের শেষ দিন পর্যন্ত মাধ্যমিক স্তরের ৯০ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে পাঠানো সম্ভব হবে। বাকি বই ডিসেম্বরের প্রথমার্ধে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বলেন, দ্রুত বই ছাপানোর পাশাপাশি মান নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার প্রস্তুতি সরাসরি তদারকি করছেন শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব। নিম্নমানের বই যাতে শিক্ষার্থীদের কাছে না যায়, সে জন্য নিয়মিত পরিদর্শন ও নজরদারি চলছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.