
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি খাসজমির চর থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়। সোমবার বিকেল ৩টার দিকে পৌর শহরের রামকৃষ্ণ মিশন সড়কে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার কলিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হাবিব মিয়া (২০), বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজু চৌধুরী (২২), বাহুবল উপজেলার লস্করপুর মিরপুরের রহিম উল্লাহর ছেলে সুজন মিয়া (২৬), আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রিবাড়ি গ্রামের মুজাম্মিল মিয়ার ছেলে জসিম মিয়া (৩০) এবং একই ইউনিয়নের বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার ছেলে আস্সাদ মিয়া (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর শহরের বাঁশমহাল এলাকায় কয়েক দিন ধরে একটি চক্র নদীর পাড়সংলগ্ন চর থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। এ খবর পেয়ে সোমবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত তিনটি ট্রাক্টর ও দুটি ট্রলি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী আটক পাঁচজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অর্জুনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতি করায় সংশ্লিষ্ট আইনে তাদের সাজা দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে মাটি পরিবহনের যানবাহনও। সরকারি সম্পদ রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.