অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আব্দুল মোছাব্বিরকে হত্যার ঘটনায় ১৮ বছর পর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুর উদ্দিন এবং পলাতক বশির মিয়া ও খোরশেদ মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আব্দুল মোছাব্বিরকে তাঁর অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়। এ ঘটনায় মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন।
মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত ও আইনি কার্যক্রম শেষে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সব প্রক্রিয়া শেষে বুধবার ছয় আসামির বিরুদ্ধে এ রায় দেন আদালত।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম বর্তমান সরকারের আমলে ত্বরান্বিত হচ্ছে। এ ধরনের রায় আইনের শাসন প্রতিষ্ঠাকে আরও শক্তিশালী করবে। অপরাধ করে কেউ যাতে আইনের আওতার বাইরে থাকতে না পারে, সে বিষয়ে বিচারপ্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.