একাত্তর ডেস্ক ::
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ও রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবং অন্যজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন রোগীদের শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।



















