দশদিক ডেস্ক : :
শ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালি ব্যবহার করে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আরোপের ঘোষণা দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের জন্ম দিয়েছে।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে নির্ধারিত টোল পরিশোধ করতে হবে এবং সেই অর্থ ইরানি মুদ্রায় দিতে হবে।
তিনি হরমুজ প্রণালিকে ইরানের জন্য ‘রেডলাইন’ হিসেবে উল্লেখ করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে রয়েছে।
এদিকে, বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট Donald Trump সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দাবি করেছেন, হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত করা হবে। তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্যও ইরান প্রত্যাখ্যান করেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, কোনো বিদেশি সামরিক জাহাজ বিনা অনুমতিতে এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এ সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
AD/একাত্তরের কথা



















