একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হন। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার বাসিন্দা এবং মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
পুলিশ জানায়, গীতা রাণী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখাতে হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, লাখাই উপজেলার ভরপূর্ণী গ্রামে বাড়ির পাশে গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।




















