একাত্তর ডেস্ক ::
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
তিনি বলেন, সময়ের প্রেক্ষাপটে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে শিক্ষা কারিকুলামে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া ভাতা প্রদান এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যা সিলেট থেকে শুরু হয়ে সারাদেশে বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, ক্যারম, ভারোত্তোলন, উশু, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, কাবাডি, ভলিবলসহ অন্যান্য খেলাতেও সম্ভাবনা রয়েছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসব খেলাও দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারে।
প্রধানমন্ত্রী সাফ নারী ফুটসালে বাংলাদেশের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়াকে বড় অর্জন বলে উল্লেখ করেন। তিনি জানান, শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদেরও ক্রীড়া কার্ড দেওয়া হবে এবং ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।



















