একাত্তর ডেস্ক ::
সারা দেশের শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সারা বছর এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে হবে এবং প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।




















