ডেস্ক রিপোর্ট : :
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৭ম দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় বইমেলার মঞ্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
তিনি কমল সাহিত্য পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান দীপু, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, নির্ঝর রায়, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহিদ চৌধুরী, মানবাধিকার কর্মী জাকির হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং মানবিকতা জাগ্রত করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং আয়োজকদের এ উদ্যোগকে প্রশংসা করেন।
AD/একাত্তরের কথা



















