একাত্তর ডেস্ক : :
চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৩৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। রোববার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে একই সময়ে প্রায় ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় এবার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩.৮ শতাংশ।
চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে। বিশেষ করে মাসের শেষ দিকে প্রবাহ আরও বেড়েছে। ২৫ থেকে ২৮ মার্চ—এই চার দিনে এসেছে ২৪০ মিলিয়ন ডলার, যা প্রবাসী আয় প্রবাহের স্থিতিশীলতা নির্দেশ করে।
দীর্ঘমেয়াদি হিসাবে দেখা যায়, চলতি অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৫.৭৮ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২১.৬৯ বিলিয়ন ডলারের তুলনায় ১৮.৮ শতাংশ বেশি।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। পাশাপাশি ব্যাংকিং খাত, ভোক্তা ব্যয় এবং বিনিয়োগ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রবাসী কর্মীদের এই অবদান দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বাণিজ্যকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
AD/একাত্তরের কথা



















