একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোর ও সকালে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, ভোর প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। পরে সকাল ৯টার দিকে আরেকটি ট্রাকে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্যগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। দুটি অভিযানে জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।




















