ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার একমাত্র ছেলে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগরের ফসলি জমিতে পানি আটকে পড়লে তা নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা শৌলডুয়ারী বাঁধ কেটে দেন। পরে পানি প্রবাহ শুরু হলেও কাটা অংশের পাড় ধসে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকালে ধসে পড়া অংশ সরিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করতে স্থানীয় কৃষকরা কাজ শুরু করেন। দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা সরে যেতে পারলেও আরমান মাটি চাপা পড়েন।
স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, বাঁধ কাটতে গিয়ে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। যা অত্যন্ত দুঃখজনক। বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। স্থানীয়রা প্রশাসনকে না জানিয়ে বাঁধ কেটে দেন।



















