একাত্তর ডেস্ক : :
পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বেশ কিছু নিরাপত্তামূলক নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে বৈশাখী শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে, তবে হাতে বহনের অনুমতি রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আইন-শৃঙ্খলাবিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্দেশনা অনুযায়ী, সব ধরনের বৈশাখী আয়োজন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর অনুষ্ঠানস্থলে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরসহ গুরুত্বপূর্ণ স্থানে এই নির্দেশনা কার্যকর থাকবে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার নিরাপত্তা জোরদার করা হবে। শোভাযাত্রা শুরু হওয়ার পর মাঝপথে নতুন কাউকে যুক্ত হতে দেওয়া হবে না।
নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
এদিন ফানুস ওড়ানো, আতশবাজি, গ্যাস বেলুন এবং ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখে টিএসসি এলাকার মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্দিষ্ট সময়ের পর স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার বহন না করার অনুরোধ জানানো হয়েছে। শিশুদের নিরাপত্তার জন্য তাদের সঙ্গে পরিচয়পত্র রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
AD/একাত্তরের কথা




















