স্টাফ রিপোর্ট
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তাকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং নতুন দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
এদিকে, পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে। গত ১৩ এপ্রিল জারি করা এক আদেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়।
একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সোমবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেলেই তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।


















