একাত্তর ডেস্ক ::
সিলেটের তামাবিল হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় থানা ভবনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
সভা শুরুর আগে প্রধান অতিথি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় দাপ্তরিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। থানায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমানোই হাইওয়ে পুলিশের প্রধান লক্ষ্য। তিনি জানান, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সিলেট রিজিয়ন কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সড়ক ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে।” তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এর আগে একই দিন সকালে তিনি হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন এবং আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি জানান, পর্যায়ক্রমে হাইওয়ে থানার সংখ্যা ও জনবল বৃদ্ধি করা হচ্ছে, যা সড়ক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
সভায় সিলেট রিজিয়নের বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মহাসড়ক ব্যবস্থাপনা ও পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধান অতিথি।




















