একাত্তর ডেস্ক ::
জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখতে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে। এর আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার উৎপাদন এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে গত ২৮ মার্চ অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বৃহত্তম তিনটি সার কারখানায় আগামী এপ্রিল-জুন মাসে রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন চালানোর সিদ্ধান্ত হয়।
সেই অনুসারে ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ করা হয়েছে। তবে মে ও জুন মাসে এ কারখানায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজারে এপ্রিল মাসে গ্যাস সরবরাহ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শাহজালাল সার কারখানার জিএম (অ্যাডমিন) সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত অনুসারে ৩ এপ্রিল দুপুর থেকে কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।



















