একাত্তর ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে অফিস কক্ষে দরজা লাগিয়ে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। একই সঙ্গে অফিস সহায়ক আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসকের সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঞা জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বৃহস্পতিবার (২৬ মার্চ) একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুসারে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তোয়াকুল ভূমি অফিসের তহশিলদারের কক্ষে দেরিতে অফিসে আসাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ও আয়াত উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়। তারা দরজা লাগিয়ে মারামারি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দু’জন একে অপরের গলার কলার ধরে কিল-ঘুষি মারছেন। বাইরে থেকে সেবাপ্রার্থীরা দরজা খুলতে বলছেন। পরে এক যুবক ভেতরে ঢুকে সংঘর্ষ থামিয়ে আয়াত উদ্দিনকে বের করে দেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, এটি ঘুষের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ। আবার কেউ কেউ ভূমি অফিসকে ‘দুর্নীতির আখড়া’ বলে মন্তব্য করেছেন। সেবা নিতে গেলে অতিরিক্ত ফি দিতে হয় বলেও অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি তাদের নজরে আসে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।




















