একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে হিরন মিয়ার ঘর থেকে অবৈধভাবে রাখা আটটি ড্রামে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় দোকানদার হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল পরবর্তীতে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


















