একাত্তর ডেস্ক ::
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার (২৫ মার্চ) বিকেলে তিনি নগরের ৭, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে আবদুল কাইয়ুম চৌধুরী কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার নির্দেশ দেন। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। কাজের দীর্ঘসূত্রতা বা অব্যবস্থাপনার কারণে কোনো নাগরিক যেন কষ্টে না পড়েন, সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
এ সময় তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় কাজের প্রাক্কলিত ব্যয়, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা দেন।
তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের নোয়া খুরুমখলা, ৩৮ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ আবাসিক এলাকা, ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া ও পশ্চিম পীর মহল্লায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও মো. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা।



















