পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাবরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। গান, নাটক ও চলচ্চিত্র—তিন ধারার সমন্বয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।
সংগীতপ্রেমীদের জন্য থাকছে একাধিক নতুন গান। ‘তোমারই টানে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সেনিজ। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন প্রত্যয় খান, ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
এছাড়া ‘অভিনয়’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন শামস, যার সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ‘কাছাকাছি’ গানে কণ্ঠ দিয়েছেন সাখাওয়াত হোসেন ও মাশরাত মুস্তারি তাহিয়া; গানটির গীতিকার ও সুরকার পার্থ সরকার।
আরও থাকছে ‘একি প্রেম’—যেখানে কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, গীতিকার এ.কে.এম. মোস্তাফিজুর রহমান। ‘বড় ভালোবাসি’ গানে কণ্ঠ দিয়েছেন মাহমুদ সানি ও পূজা।
ভিন্নধর্মী শিরোনামের ‘ফিলিংসগুলো কবর দিছি’ গানটি প্রকাশ পাচ্ছে দুই সংস্করণে—একটিতে কণ্ঠ দিয়েছেন সামিয়া চৌধুরী, অন্যটিতে কাজী শুভ। গান দুটির সুর ও সংগীতায়োজন করেছেন যথাক্রমে ইয়াসিন হোসেন নিরু ও আহমেদ সজীব।
নাট্যপ্রেমীদের জন্য থাকছে ‘এই শহরে’ ও ‘বায়ান্ন পাতার প্রেম’ শিরোনামের দুটি নাটক। জনপ্রিয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নির্মিত এ নাটকগুলো ভিন্নধর্মী গল্পে দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ঈদ উপলক্ষে ‘তুখোড়’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির পরিকল্পনা রয়েছে। নতুন মুখ ও পরিচিত তারকাদের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটি অ্যাকশন-ড্রামা ঘরানার।
সব মিলিয়ে লেজার ভিশন–এর এবারের ঈদ আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য বৈচিত্র্যময় বিনোদনের পসরা নিয়ে হাজির হচ্ছে।
AD/একাত্তরের কথা



















