একাত্তর ডেস্ক : :
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় প্রবাসীদের নিরাপত্তার কথা বিবেচনায় আমেরিকান স্থাপনা রয়েছে এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে তিনি এই সহায়তা প্রদান করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে দ্রুত মরদেহ দেশে আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক ভাতা দেওয়া হবে এবং পরিবারটিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি তাদের জন্য স্থায়ী বসবাসের জায়গা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমেরিকান স্থাপনা বা সামরিক ঘাঁটির আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবি বা ভিডিও প্রচার না করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
AD/একাত্তরের কথা



















