স্পোর্টস ডেস্ক : :
বল টেম্পারিংয়ের অভিযোগে পাওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেও স্বস্তি মেলেনি পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান-এর। Pakistan Super League-এর টেকনিক্যাল কমিটি তাঁর আপিল খারিজ করে দেওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে।
পিএসএলের চলমান আসরের ষষ্ঠ ম্যাচে লাহোর কালান্দার্স ও করাচি কিংস-এর মধ্যকার খেলায় বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। এ ঘটনায় প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আয়োজকরা।
এছাড়া Pakistan Cricket Board ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে। ম্যাচ রেফারি রোশান মহানামা অভিযোগ পর্যালোচনা করে দুই ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করেন।
শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি বহাল থাকে।
পরবর্তীতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ফখর। তবে পিএসএল টেকনিক্যাল কমিটি নতুন করে তদন্ত, প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা শেষে আপিল খারিজ করে দেয়। ফলে ম্যাচ রেফারির দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞাই কার্যকর থাকবে।
এক বিবৃতিতে পিসিবি জানায়, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত এবং সকল পক্ষের জন্য বাধ্যতামূলক।
AD/একাত্তরের কথা



















