একাত্তর ডেস্ক ::
শিল্প, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সিলেটে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী জানান, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা এখনও প্রভাবিত হয়নি। পাম্পে তেল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। “আপনি পাম্পে গেলে তেল পাচ্ছেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে আতঙ্কের কোনো কারণ নেই। আতঙ্ক সংক্রামক, তাই বাস্তবে ঝুঁকি না থাকলেও অন্যকে প্রভাবিত করতে পারে, তিনি বলেন।
তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয় করলে দেশ দীর্ঘমেয়াদে উপকৃত হবে। শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের সব মানুষের স্বার্থে আমরা সতর্ক ও সাশ্রয়ী হবো। পিক আওয়ারে বিদ্যুৎ সাশ্রয় করা গেলে বাড়তি খরচ কমবে এবং আমদানির চাপ হ্রাস পাবে। সরকারও আপদকালীন পরিস্থিতিতে কিছু পদক্ষেপ নিয়েছে, যা সবাইকে মেনে চলতে হবে।
শিল্প খাতের ওপর জ্বালানির প্রভাব নিয়ে মন্ত্রী জানান, গ্যাসে পরিচালিত শিল্পে সরবরাহ নিশ্চিৎ থাকায় উৎপাদন কমার কোনো সুযোগ নেই। এলপিজি গ্যাসের দাম বেড়েছে, কারণ সৌদি আরামকোর সিপি প্রাইস বাড়েছে। তবে সরকারের প্রচেষ্টায় দাম আগের মতোই রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত খরচে না পড়ে।
মন্ত্রী বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানির প্রসঙ্গেও বলেন, জাপানের সঙ্গে যৌথ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে; সংসদে পাশ হলে তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এছাড়া এলডিসি উত্তরণের পর দেশের পণ্যের জন্য অন্যান্য দেশে বিশেষ সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি সচেতনভাবে জ্বালানি ব্যবহার করি, আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও হ্রাস পাবে। তাই আতঙ্কিত না হয়ে স্বাভাবিকতা বজায় রাখা জরুরি।
বৈঠকে সিলেট জেলা ও মহানগর বিএনপি, চেম্বার অফ কমার্স এবং দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।



















