বিনোদন ডেস্ক : :
বগুড়ার পাঁচতারা হোটেল ও রিসোর্ট মমো ইন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের সংগীতাঙ্গনের তারকাদের মিলনমেলা বসে।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অনুষ্ঠানের মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। পরে অতিথিদের উপস্থিতিতে তাকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ অনেকে।
এছাড়া বিশেষ সম্মাননা লাভ করেন লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং পরে তাকে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের পাশাপাশি সংগীত পরিবেশন করেন তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন মাহতিম সাকিব, খুরশীদ আলম বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক ও কিশোর।
বিশেষ পরিবেশনায় মঞ্চ মাতান সংগীতের দুই বরেণ্য শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।
AD/একাত্তরের কথা




















